ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬ উদ্বোধন, খাদ্য নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ওপর জোর
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলা সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প”-এর আওতায় এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), এছাড়াও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক ড. শামীম আহমেদ।
আলোচনা সভায় বক্তারা টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং কৃষকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে উদ্ভাবনী পদ্ধতি ও প্রযুক্তির বিকল্প নেই।
মেলায় স্থানীয় কৃষকদের অংশগ্রহণে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের ফসল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ কৃষিপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।