টানা বৃষ্টিতে পাকুন্দিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানির নিচে শতাধিক কৃষকের স্বপ্ন
আবু হানিফ স্টাফ রিপোর্টের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় টানা দুদিনের ভারী বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ২৫ হেক্টর জমির ধান পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্নাঞ্চলসহ বিলভরা ও নবাগিয়া বিলের ফসল তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা করছেন তারা।
বুধবার (২৯ এপ্রিল) সরেজমিনে নামা লক্ষীয়া, বিলভরা ও নবাগিয়া বিল এলাকায় গিয়ে দেখা যায়, গত দুদিনের বৃষ্টিতে প্রায় ২৫ হেক্টর বোরো ধান পুরোপুরি এবং আরও প্রায় ২৫ হেক্টর জমির ধান আংশিক নিমজ্জিত হয়েছে। বিভিন্ন এলাকায় এক থেকে দেড় ফুট পানিতে ডুবে আছে পাকা ও আধাপাকা ধান ক্ষেত।
নামা লক্ষীয়া গ্রামের কৃষক নুরুল হক বলেন, “গত দু’দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়ে আমার ৫০ শতাংশ জমির বোরো ধান পুরোপুরি তলিয়ে গেছে।”
কুমারপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, তার ৩০ শতাংশ জমির কাটা ধান পানির নিচে তলিয়ে গেছে। একই অবস্থা অনেক কৃষকের। ধান কাটার উপযুক্ত সময়ে এভাবে ডুবে যাওয়ায় তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১,২৫৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে সরকারি হিসেবে নবাগিয়া বিলের ২৫ হেক্টর জমির ধান পুরোপুরি নিমজ্জিত হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম বলেন, “গত দুদিনের বৃষ্টিতে নবাগিয়া বিলের ২৫ হেক্টর জমির বোরো ধান পুরোপুরি নিমজ্জিত হয়েছে। তবে উপজেলার অন্যান্য এলাকার আংশিক নিমজ্জিত ধান ক্ষেতের পানি ধীরে ধীরে সরে যাচ্ছে, এতে কৃষকের ক্ষতি তুলনামূলক কম হতে পারে।”