কুড়িগ্রামে অসহায় দুঃস্থ ২টি পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
মোঃ সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর সরদারপাড়া গ্রামে বুধবার (২৯শে এপ্রিল) বিকালে অসহায় ২টি পরিবারের মাঝে আব্দুল গণি মিয়ার নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করা হয়।
ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমর হাজিরহাট ও সরদারপাড়া গ্রামের হাছেন আলী ও জীতেন্দ্রের ২টি পরিবার দীর্ঘদিন ধরে জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে আসছেন। সামান্য ঝড়-বৃষ্টিতেই তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হতো, ফলে পরিবারগুলোর মধ্যে সবসময় অনিশ্চয়তা বিরাজ করত।
পরিবার ২টির দুঃখ-দুর্দশা দেখে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি মিয়া নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী ও নির্মাণ ব্যয় প্রদান করেন।
এসময় আব্দুল গণি মিয়া বলেন, উত্তর কুমরপুর হাজিরহাট গ্রামের হাছেন আলীর জন্য ২২টি টিন, ৬টি খুঁটি, মটকা, কাঠ ও লোহা এবং সরদারপাড়া গ্রামের জিতেন্দ্র চন্দ্রের জন্য ২৪টি টিন, ৬টি খুঁটি ও মটকা প্রদান করা হয়েছে; এছাড়া ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যয় তিনি নিজেই বহন করবেন।
তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো; এতে করে সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধি পায়।
স্থানীয়দের মতে, আব্দুল গণি মিয়ার এ মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে এবং এটি অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।
ঘর নির্মাণের সামগ্রী পেয়ে ২টি পরিবারের সকল সদস্য খুশি এবং তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।