সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ ও টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডে জোর

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০৮:৩৬ পূর্বাহ্ণ
দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ ও টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডে জোর
দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ ও টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডে জোর

নজরুল  ইসলাম মুকুল,  কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের সম্মানিত ডিলার মহিবুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তাজিম স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার আখতারুল ইসলাম। এছাড়া টেরিটরি সেলস অফিসার (ফিল্ড ক্রপস) সেখ মোহাম্মদ আলী জিন্নাহ, টেরিটরি সেলস অফিসার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) বাসুদেব পালসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা উত্তম কৃষি পদ্ধতি অনুসরণের মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।
এছাড়াও কর্মশালায় ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন কৃষি উপকরণ, ধান, সবজি, ভুট্টা ও আলুর উন্নতমানের বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কে অংশগ্রহণকারী কৃষকদের অবহিত করা হয়।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা আমন মৌসুমের ধান ও সবজি বীজ, বায়োপেস্টিসাইডের ব্যবহার, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।
অনুষ্ঠানের শেষে ৫০ জন কৃষকের মাঝে ব্র্যাক সিডের উন্নতমানের সবজি বীজ ও বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড বিনামূল্যে বিতরণ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন