কটিয়াদীতে হামলা, ছিনতাই ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পশ্চিম বাগরাইট এলাকায় নারীদের ওপর হামলা, ফসলি জমিতে গরুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করা এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় মাংস ব্যবসায়ী শারফিন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী নিপা আক্তারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নিপা আক্তার (৪০), তার পিতা মিজানুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্ত শারফিন মিয়া কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কসাই হিসেবে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে নিয়মিতভাবে অসুস্থ বা মৃত গরু জবাই করে বাজারে বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি তাদের বসতবাড়ির সামনে-পিছনে এবং চাষকৃত জমিতে গরুর রক্ত, ভুঁড়ি, মলমূত্রসহ বিভিন্ন বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করে আসছেন, যা স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
তারা আরও জানান, গত ২৮ এপ্রিল দুপুরের দিকে তাদের চাষকৃত জমিতে আবারও গরুর রক্ত, ভুঁড়ি ও ময়লা ফেলা হলে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়। এ সময় শারফিন মিয়া ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে নিপা আক্তারসহ পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলার সময় ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়, যাতে তারা ভবিষ্যতে আর কোনো প্রতিবাদ করতে না পারে। ঘটনার পর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের হয়রানি ও পরিবেশ দূষণের শিকার হলেও তারা ভয়ে প্রকাশ্যে কিছু বলতে পারেননি। সর্বশেষ হামলার ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবনের ঝুঁকি অনুভব করছেন।
সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এলাকায় পরিবেশ দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।