ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন
মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধি,:
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলায়েত হোসেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা মহান মে দিবসের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক-মালিকের সুসম্পর্ক জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, ভোলা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়, বরিশাল।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমজীবী মানুষের অধিকার, সংহতি ও নিরাপদ কর্মপরিবেশের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।