তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
রুহুল আমিন, তাড়াইল থেকে:
কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ১০টায় তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি তাড়াইল সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা তাঁদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বক্তব্য রাখেন।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ আজও শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরি ও উন্নত জীবনমান থেকে বঞ্চিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ওপর সব ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা সময়ের দাবি। এ সময় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকীসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শ্রমিকদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।