সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

দেওয়ানগঞ্জে ইজিবাইকের ৪ ব্যাটারিসহ আটক ৩, চুরি চক্রের সন্ধানে পুলিশের জোর অভিযান

Admin ০১ May ২০২৬ · Friday · ১২:২৩ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে ইজিবাইকের ৪ ব্যাটারিসহ আটক ৩, চুরি চক্রের সন্ধানে পুলিশের জোর অভিযান
দেওয়ানগঞ্জে ইজিবাইকের ৪ ব্যাটারিসহ আটক ৩, চুরি চক্রের সন্ধানে পুলিশের জোর অভিযান

সামরুল হক, স্টাফ রিপোর্টার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চুরি হওয়া ইজিবাইকের ব্যাটারি উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৪টি ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। এতে ভুক্তভোগী চালক ও মালিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে চুরি রোধ এবং চোর চক্রকে শনাক্ত করতে মাঠে নামে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে চুরি হওয়া ৪টি ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়।


দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা একটি সক্রিয় চোর চক্রের সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, যা চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে সহায়ক হবে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধারকৃত ব্যাটারিগুলো চুরি হওয়া বলে নিশ্চিত হওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”


তিনি আরও বলেন, “ইজিবাইক চুরি ও ব্যাটারি চোর চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং চুরি রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন