সোমবার, ১১ মে ২০২৬
সারাদেশ

খুলনায় ছাত্রদলের নেতৃত্ব শূন্যতা, নতুন কমিটি ঘিরে তৎপরতা তুঙ্গে

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:৫২ অপরাহ্ণ
খুলনায় ছাত্রদলের নেতৃত্ব শূন্যতা, নতুন কমিটি ঘিরে তৎপরতা তুঙ্গে
খুলনায় ছাত্রদলের নেতৃত্ব শূন্যতা, নতুন কমিটি ঘিরে তৎপরতা তুঙ্গে

মো: আল-মাহফুজ শাওন

দীর্ঘদিন ধরে কার্যকর নেতৃত্বহীন অবস্থায় রয়েছে খুলনা মহানগর ও জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। দুই ইউনিটেই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটি গঠন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন নেতৃত্বে আসতে সক্রিয় হয়ে উঠেছেন পদপ্রত্যাশী নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষার মধ্যেই চলছে তীব্র লবিং, দৌড়ঝাঁপ ও অভ্যন্তরীণ হিসাব-নিকাশ।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে ব্যাপক যাচাই-বাছাই চলছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হওয়ায় ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে তার প্রভাব সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

তথ্যমতে, ২০২১ সালের ২৪ মার্চ ইশতিয়াক আহমেদ ইস্তিকে আহ্বায়ক এবং তাজিম বিশ্বাসকে সদস্য সচিব করে খুলনা মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এই কমিটি নগরীর ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটি থানা ও ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে নতুন ইউনিট কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম সচল রাখার চেষ্টা চালায়। তবে তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

অন্যদিকে জেলা ছাত্রদলের কমিটি ছিল আরও দীর্ঘমেয়াদি। ২০১৬ সালের ১৩ অক্টোবর মান্নান মিস্ত্রিকে সভাপতি ও গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করে গঠিত জেলা কমিটি প্রায় আট বছর দায়িত্ব পালন করে। এ সময়ে জেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও নয়টি থানায় ইউনিট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে মহানগরের সঙ্গে একই দিনে এই কমিটিও বিলুপ্ত করা হয়।

দলীয় নেতারা বলছেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর কেন্দ্রীয় ছাত্রদল মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে খুলনার দুই ইউনিটের কমিটি ভেঙে দিলেও জাতীয় নির্বাচনের আগের অস্থির পরিস্থিতির কারণে নতুন কমিটি ঘোষণা সম্ভব হয়নি। ফলে বর্তমানে ইউনিট কমিটিগুলো সীমিত আকারে কার্যক্রম চালালেও কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন ও সাংগঠনিক সমন্বয়ে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

এদিকে নতুন নেতৃত্বে আসতে ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছেন একাধিক নেতা। মহানগর ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় রয়েছেন মোঃ ফিরোজ আহমেদ, তাজিম বিশ্বাস, শেখ মসফিকুর হাসান অভি, রশিউর রহমান রুবেল, আরিফুল ইসলাম আরিফ, রাজিবুল আলম বাপ্পি, রাজু আহমেদ রাজ, মোঃ নাজমুল ইসলাম নাজু, মোঃ শাকিল আহমেদ, মাজহারুল ইসলাম রাসেল, আব্দুল আহাদ শাহিন, সৈয়দ ইমরান ও নাজিম উদ্দিন ভূঁইয়া।

অন্যদিকে জেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় রয়েছেন গাজী শহিদুল, মাসুম বিল্লাহ, মশিউর রহমান শফিক, ফিরোজ আহমেদ আদল, অনিক আহমেদ, ইয়ামিন ইসলাম, ইসমাইল হোসেন খান, আবু জাফর ও ইমতিয়াজ সুজন।

ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, মহানগর ছাত্রদলের নতুন কমিটিতে রকিবুল ইসলাম বকুল ও নজরুল ইসলাম মঞ্জু-ঘনিষ্ঠ নেতাদের প্রাধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জেলা ছাত্রদলের কমিটি গঠনে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-সমর্থিত নেতাদের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

তবে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব ঘোষণা করবে কেন্দ্রীয় ছাত্রদল। তাদের মতে, শক্তিশালী ও সক্রিয় নেতৃত্ব গঠিত হলে খুলনায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে আবারও গতি ফিরে আসবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

আব্দুর রাব্বি হাসান ওয়ালিদগ্রীষ্ম মানেই উষ্ণতার ঋতু–এ কথা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। কি...

১১ May ২০২৬ · Monday · ০৪:৪১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

ডেস্ক নিউজ:বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হ...

১১ May ২০২৬ · Monday · ০৩:৪৪ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে...

১১ May ২০২৬ · Monday · ০৪:২৩ পূর্বাহ্ণ