মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু,ক্ষতিপূরণের দাবিতে পরিবারের আহাজারি

Admin ০৫ April ২০২৬ · Sunday · ১১:১৬ পূর্বাহ্ণ
বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু,ক্ষতিপূরণের দাবিতে পরিবারের আহাজারি
সড়ক দুর্ঘটনায় নিহত তনয় কুমার সাহা

ইফরানুল হক সেতু, বাজিতপুর উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় তনয় কুমার সাহা(৫৮) নামের এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৯ মার্চ ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিটে বাজিতপুর থেকে ভৈরব বাজার যাওয়ার পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে বাজরা নামক এলাকায় একটি পণ্যবাহী পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তনয় কুমার সাহা সনাতন ধর্মাবলম্বী হওয়ায় পরিবারের সদস্যরা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য (দাহক্রিয়া) সম্পন্ন করেন। এ সময় তারা দাহক্রিয়া কার্যক্রমে ব্যস্ত থাকায় কুলিয়ারচর থানায় কোনো সাধারণ ডায়েরি বা মামলা করতে পারেননি।
নিহতের ছেলে তূর্য সাহা বলেন, “আমার বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাকে হারিয়ে আমরা এখন দিশেহারা। আমাদের কোনো সহায়-সম্বল নেই। আমি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের আবেদন করেছি। যদি ক্ষতিপূরণ পাই, তাহলে মা-বোনকে নিয়ে কোনোভাবে সংসার চালাতে পারব।”
এদিকে, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন বলেন, “ঘটনার দিন কেউ আমাকে বিষয়টি থানায় জানায়নি,  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন