হোসেনপুরে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা ভূমি অফিস, হোসেনপুর মেলার আয়োজন করেছে।
ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করেন - হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। সবার মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ছিল “ভূমিসেবা মেলা ২০২৬” লেখা ব্যানার।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এই ভূমিসেবা মেলা। মেলায় ই-নামজারি, খাজনা পরিশোধ, খতিয়ান উত্তোলন, ডিজিটাল ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে ও দ্রুত প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার উদ্দেশ্য হলো জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।
আয়োজকরা জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে জনগণকে ঘরে বসেই ভূমি সেবা গ্রহণের সুযোগ ও পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, আগে ভূমি সেবা নিতে মানুষকে অফিসে বারবার আসতে হতো, হয়রানির শিকার হতে হতো। এখন ডিজিটাল ব্যবস্থার ফলে অনেক সেবা অনলাইনেই পাওয়া যাচ্ছে। মেলায় এসে সাধারণ মানুষ সরাসরি সেবা নিতে পারছেন এবং অনলাইন প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারছেন।
স্থানীয়রা জানান, এ ধরনের মেলা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। এতে সময় ও খরচ দুটোই বাঁচে এবং সেবা পাওয়া সহজ হয়।
ভূমিসেবা মেলা উপলক্ষে হোসেনপুর উপজেলায় তিনদিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, তথ্য প্রদর্শনী ও সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।