শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি, মাইক্রোবাস থেকে মহাসড়কে ফেলে উধাও

অনলাইন ডেস্ক ২৫ May ২০২৬ · Monday · ০৭:০৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায়  অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি, মাইক্রোবাস থেকে মহাসড়কে ফেলে উধাও

 

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া :
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার শান্তিডাঙ্গা ১৪ মাইল নামক স্থানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অজ্ঞান করে তার সর্বস্ব লুটে নেওয়ার পর একটি মাইক্রোবাস থেকে তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা ১৪ মাইল এলাকায় একটি চলন্ত মাইক্রোবাস থেকে এক ব্যক্তিকে রাস্তার পাশে ফেলে দিয়ে দ্রুত গাড়িটি চলে যায়। বিষয়টি স্থানীয় পথচারী ও এলাকাবাসীর নজরে এলে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং ওই ব্যক্তিকে সম্পূর্ণ অচেতন অবস্থায় উদ্ধার করেন।

উপস্থিত স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে বিষয়টি ইবি থানা পুলিশকে অবহিত করেন। উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় কিংবা তিনি কোথা থেকে আসছিলেন, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। অজ্ঞান পার্টির সদস্যরা তার সাথে থাকা টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে তাকে মহাসড়কে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।

এ বিষয়ে ইবি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। ওই ব্যক্তির চেতনা ফিরলে তার পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানা যাবে। অপরাধীদের সনাক্ত করতে এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন