টুটপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি, আহত যুবক নয়ন
মো: আল-মাহফুজ শাওন
খুলনা নগরীতে দুই পক্ষের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়ন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে নগরীর টুটপাড়া এলাকার দারোগার বালুর মাঠের ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নয়ন নগরীর আছিবিঘা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নয়ন টুটপাড়া এলাকার দারোগার বস্তি সংলগ্ন বালুর মাঠ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ গ্রুপের ৫ থেকে ৭ জন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় টুপি পরে সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় একটি গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আহত নয়ন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি টুটপাড়া এলাকার একটি অংশ নিয়ন্ত্রণ করতেন। মূলত মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।