"চাবাগানের ঐতিহ্যবাহী মাঠা"
সায়মা আক্তার,কালিয়াকৈর,গাজিপুর:
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সবুজে ঘেরা চাবাগান গ্রামে নদীর কূলে গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার। এই বাজারের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী পানীয় হলো “মাঠা”।
গরমের দিনে শরীর ঠান্ডা রাখা ও পানিশূন্যতা দূর করার জন্য এই পানীয়টি তৈরি করা হয়। গরুর খাঁটি দুধ, টক-মিষ্টি দই, বিটলবণ ও পানি একসঙ্গে ব্লেন্ড করে তৈরি করা হয় সুস্বাদু মাঠা। এটি হজমশক্তি বাড়াতে, বুক জ্বালা কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক বলে জানিয়েছেন বিক্রেতারা।
ঈদের ছুটিসহ বিভিন্ন ছুটির দিনে দূর-দূরান্ত থেকে মানুষ এই নদীর কূলে গড়ে ওঠা বাজারে আসে মাঠা পান করতে। বাজারের কয়েকটি দোকানে এই পানীয় বিক্রি হয়। বিক্রেতারা জানান, ছুটির দিনে বিক্রি ভালো হলেও কর্মদিবসে তুলনামূলক কম হয়। তবে আগত ক্রেতাদের ভিড় তাদের আনন্দ দেয়।
ক্রেতারাও ন্যায্যমূল্যে এই ঐতিহ্যবাহী পানীয় উপভোগ করতে পেরে সন্তুষ্ট। অনেকেই প্রতিবছর পরিবার ও প্রিয়জনদের সঙ্গে এখানে আসেন। নদীর ব্রিজে দাঁড়িয়ে তারা নদীর পানি, বাতাস ও পাখির ডাকের মাঝে গ্রামের সৌন্দর্য উপভোগ করেন।
স্থানীয়দের মতে, এমন ঐতিহ্যবাহী খাবার ও পানীয় একটি গ্রামকে পরিচিত করে তোলে। তাই নিজেদের গ্রামের ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।