সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর আভিযানিক দল এক সফল অভিযান পরিচালনা করে মাদক মামলার ০১ বছর ০১ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইফুল ইসলাম প্রকাশ রুবেল (২৫)’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গতকাল ০৬ জুন, ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৪০ ঘটিকায় সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৫ এর একটি চৌকস দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামি মোঃ সাইফুল ইসলাম প্রকাশ রুবেল (২৫) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ লম্বাবিল গ্রামের সামশুল আলমের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় ২০১৯ সালের একটি মাদক মামলা রয়েছে। বিজ্ঞ আদালত উক্ত অপরাধে ধৃত আসামিকে দোষী সাব্যস্ত করে ০১ (এক) বছর ০১ (এক) মাসের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই আইনের চোখ ফাঁকি দিতে আসামি দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে আত্মগোপন করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে র্যাব-১৫ এর এই ধরনের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।