রবিবার, ০৭ জুন ২০২৬
আইন-আদালত

পাকুন্দিয়া জমির সীমানা নিয়ে বিরোধের জেরে হত্যা মামলা-আটক সোহাগ

Admin ০৭ June ২০২৬ · Sunday · ০৮:০৬ অপরাহ্ণ
পাকুন্দিয়া জমির সীমানা নিয়ে বিরোধের জেরে হত্যা মামলা-আটক সোহাগ

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ৩ জুন সকালে উপজেলার নারান্দী ইউনিয়নের দাড়পাড়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল ইসলামের পরিবারের সঙ্গে পাশের বাড়ির একই গোষ্ঠীর রেনু মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বাড়ির সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে নূরুল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে প্রতিপক্ষের রেনু মিয়া ও তার তিন ছেলে সোহাগ, নাদিম এবং নাঈমসহ সাতজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মামলার এজাহারভুক্ত আসামি সোহাগকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন