রামু থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা পঙ্গু সৈয়দুল হক আটক
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা হিসেবে পরিচিত সৈয়দুল হক ওরফে পঙ্গু সৈয়দুল হককে আটক করেছে রামু থানা পুলিশ।
জানা গেছে, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা সৈয়দুল হক দীর্ঘদিন ধরে মানবপাচার কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছে তিনি ‘পঙ্গু সৈয়দুল’ নামে বেশি পরিচিত।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কমুনিয়া এলাকায় অবস্থিত তার দ্বিতীয় বাসা থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তার স্থায়ী ঠিকানা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায়।
এদিকে, বহুল আলোচিত এই মানবপাচারকারীর আটকের খবরে নিজ এলাকা নোয়াখালী জুম্মাপাড়ায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন তারা এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।
স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।