বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ, তালিকা নিয়ে অভিযোগ

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ০৯:০৯ অপরাহ্ণ
অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ, তালিকা নিয়ে অভিযোগ

 

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার 

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তবে সহায়তা বিতরণকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন নিয়ে নানা অভিযোগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) অষ্টগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে আব্দুল্লাহপুর ইউনিয়নের মোট ১ হাজার ৩২ জন কৃষকের মাঝে দুই মাসের সহায়তা একসঙ্গে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৬ হাজার টাকা নগদ অর্থ এবং ৩০ কেজি চাল প্রদান করা হয়।

সহায়তা নিতে আসা কয়েকজন কৃষক অভিযোগ করেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে তালিকায় প্রবাসী, মৃত ব্যক্তি এবং কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বঞ্চিত কৃষকদের।

উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল আলম ভূঁইয়া বলেন, আব্দুল্লাহপুর ইউনিয়নের ১ হাজার ৩২ জন কৃষকের মাঝে দুই মাসের সহায়তা হিসেবে একসঙ্গে ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকে জাতীয় পরিচয়পত্র, তালিকাভুক্ত নাম ও ইউনিয়নের তথ্য যাচাই করে শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী তিন দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে অষ্টগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মজনু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার আটটি ইউনিয়নে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা সরকারি হিসেবে ৬ হাজার ৪ জন। তবে তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদ পড়ার পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রণয়ন করা হয়েছে, তা সংশ্লিষ্ট সংসদ সদস্য ফজলুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে মোট ৬ হাজার ৪ জন কৃষকের তালিকা অনুমোদন হয়েছে।

অপ্রকৃত কৃষকের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুলভাবে অন্তর্ভুক্ত নাম বাতিল করা হবে।

তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কোনো কৃষক বাদ পড়ে থাকলে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ