কুলাউড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের সম্মান জানানোর আহ্বান এমপি শকুর
মোহাম্মদ আজিজুল ইসলাম
কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, “কৃষকদের সম্মান করতে হবে। তারাই দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি। কৃষক ফসল উৎপাদন করেন বলেই আমাদের খাদ্যের চাহিদা পূরণ হয়। আমরা প্রতিদিন যে খাবার খাই, তার পেছনে কৃষকদের অবদান সবচেয়ে বেশি।”
শনিবার (১৩ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল রানার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এমপি শকু আরও বলেন, বর্তমানে অনেক শিক্ষিত যুবক কৃষিকাজে আগ্রহী হচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক। একইসঙ্গে নারীরাও কৃষিখাতে সম্পৃক্ত হচ্ছেন। দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই কৃষি উদ্যোক্তা যুবক-যুবতী ও কৃষকদের প্রতি সম্মান এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল রহমান মনিরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র এবং কৃষি উদ্ভাবন বিষয়ক বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসার ঘটানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।