খুলনা মেডিকেলের সাবেক আরএমও ডা. সুহাস রঞ্জন হালদারের মৃত্যুতে শোকের ছায়া
মো: আল-মাহফুজ শাওন
খুলনা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদারের অকাল মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডা. সুহাস রঞ্জন হালদার করোনা মহামারির ভয়াবহ সময়ে একজন সম্মুখসারির করোনা যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন। জীবন ও পরিবারের নিরাপত্তার কথা না ভেবে তিনি অসংখ্য করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা ও সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সেই কঠিন সময়ে তাঁর নিষ্ঠা, সাহসিকতা এবং মানবিক ভূমিকা রোগী ও সহকর্মীদের কাছে প্রশংসিত হয়েছিল।
সহকর্মীরা জানান, ডা. সুহাস ছিলেন অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন চিকিৎসক। রোগীদের প্রতি তাঁর সহমর্মিতা এবং সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ তাঁকে সবার কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করে তুলেছিল।
তাঁর অকাল প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা জানাতে থাকেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শুভানুধ্যায়ীরা। অনেকেই তাঁকে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক এবং মানবিক মানুষ হিসেবে স্মরণ করেন।
ডা. সুহাস রঞ্জন হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একজন করোনা যোদ্ধা, মানবিক চিকিৎসক ও সেবাপরায়ণ মানুষের এভাবে চলে যাওয়া খুলনার চিকিৎসা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডা. সুহাস রঞ্জন হালদারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।