রবিবার, ২১ জুন ২০২৬
জাতীয়

২০০ টাকার পাওনা নিয়ে বিরোধ, মসজিদের বারান্দায় দিনমজুর ডালিম গাজীকে হত্যা

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৩:২৩ অপরাহ্ণ
২০০ টাকার পাওনা নিয়ে বিরোধ, মসজিদের বারান্দায় দিনমজুর ডালিম গাজীকে হত্যা

 

মো. আল-মাহফুজ শাওন

খুলনা, 

খুলনার হরিণটানা থানার জয়খালী এলাকায় মসজিদের বারান্দায় অবস্থান নেওয়া দিনমজুর মো. ডালিম গাজী হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি জয়নাল আবেদীন গাইন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রবিবার (১৪ জুন) জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর হরিণটানা থানার কৈয়া বাজারের শ্রম বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন গাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জগদীশকাটি গ্রামের বাসিন্দা কাশেম গাইনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও হরিণটানা থানার এসআই বদিউর রহমান জানান, হত্যাকাণ্ডের দুই দিন আগে দিনমজুর ডালিম গাজী অপর শ্রমিক জয়নাল আবেদীনের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিলেন। পরে টাকা ফেরত চাইলে ডালিম বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়।

পুলিশের তদন্তে জানা যায়, গত ২৪ মে রাতে ডালিম গাজী ও জয়নাল আবেদীন হরিণটানা থানার জয়খালী বায়তুল মামুর মসজিদের বারান্দায় রাতযাপন করছিলেন। সেখানেও ধার করা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়ে ঘুমিয়ে পড়েন। রাতের শেষ প্রহরে জয়নাল আবেদীন ইট দিয়ে ডালিম গাজীর মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করে নিহতের কাছে থাকা প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে নিজ এলাকায় চলে যান।

এসআই বদিউর রহমান আরও জানান, ঘটনার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ে। এ সময় তিনি খুলনার শ্রমবাজারে না এসে বাগেরহাট, ফকিরহাটসহ বিভিন্ন এলাকায় কাজ করছিলেন।

তিনি বলেন, “ডালিম গাজী হত্যা মামলাটি শুরুতে বেশ রহস্যজনক ছিল। আসামিকে শনাক্ত করতে কৈয়া, ডুমুরিয়া ও মোস্তর মোড়ের শ্রমবাজারসহ বিভিন্ন এলাকার সিসিটিভি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। তদন্তে দেখা যায়, হত্যার আগের দিন কৈয়া বাজারে ডালিমের সঙ্গে জয়নাল আবেদীন অবস্থান করছিলেন। পরে ভিডিও ফুটেজ দেখে স্থানীয় এক ব্যক্তি তাকে শনাক্ত করেন।”

তদন্ত কর্মকর্তা জানান, শনিবার দুপুরে জয়নাল আবেদীন পুনরায় কৈয়া শ্রমবাজারে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যার দায় স্বীকার করেন। পরে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে সম্মতি দিলে তাকে আদালতে হাজির করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৪ মে খুলনার হরিণটানা থানাধীন কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে দিনমজুর মো. ডালিম গাজীর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের এক সদস্য বাদী হয়ে হরিণটানা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ