মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান (৩৩) তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের দায়ের করা কথিত মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমান বলেন, প্রায় চার বছর আগে তিনি ইসলামী শরিয়ত অনুযায়ী আইরিন আক্তার রিমাকে বিয়ে করেন। তাদের সংসারে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
তিনি অভিযোগ করেন, তার শ্যালক তাজুল ইসলামকে বিদেশে পাঠানোর কথা বলে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ধার নেন। পরবর্তীতে ওই টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে পারিবারিক কলহ সৃষ্টি করা হয়। একপর্যায়ে গত ২০ মে সকালে তার স্ত্রী নগদ ১ লাখ ৬ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ সময় তাদের সন্তানকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়।
মোখলেছুর রহমান আরও বলেন, স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলে শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বর্তমানে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে তিনি মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শেখ আরমান হোসেন উজ্জ্বল বলেন, পারিবারিক বিরোধটি গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে মোখলেছুর রহমানের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা সালিশ না মেনে উল্টো মোখলেছুর রহমানের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন। আমার কাছে মামলাটি হয়রানিমূলক বলেই মনে হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, আইরিন আক্তার রিমা ও তার পরিবারের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামের সুমি বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় রিমাসহ পরিবারের চার সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে আইরিন আক্তার রিমা ও তার পরিবারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জামাল উদ্দিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৫ জুন ২০২৬
০১৩১৫৬৫১৮৯৬