কুলাউড়ায় সিএনজি চালককে মারধর করে টাকা -মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
মোহাম্মদ আজিজুল ইসলাম
কুলাউড়া উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত চালকের বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ছিলারকান্দি গ্রামের বাসিন্দা রাহেল মিয়া (২৩) কুলাউড়া-ভুকশিমইল সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সোমবার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ভুকশিমইল ইউনিয়নের পালর মোড়া এলাকায় তাঁর পথরোধ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, খাড়েরা গ্রামের সাব্বির মিয়া, জামিল মিয়া, তাহের মিয়া ও আব্দুল হান্নান মোটরসাইকেল দিয়ে রাহেল মিয়ার সিএনজির গতিরোধ করেন। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, মানিব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সিএনজিটি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাহেল মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
অভিযোগকারী আব্দুল আলী বলেন, অভিযুক্তরা তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।