মিঠামইন হাওরে পর্যটকবাহী নৌকায় ডাকাতি, ৩ জন গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনে যাত্রীবাহী নৌকায় আলোচিত ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে গত ১৫ জুন সাভার থেকে ইছানুল হক ওরফে এহসানুল হক ফকিরকে এবং ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে মো. জুলহাস উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতেই মিঠামইন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের আরেক সদস্য রুবেল মিয়াকে আটক করা হয়। অভিযানকালে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত নৌকা, ৫টি মোবাইল ফোন, ১টি রামদা, লোহার রড এবং ছোট-বড় ২০টি বল্লম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা সর্বদা তৎপর। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৭ জুন সন্ধ্যায় মিঠামইন নৌঘাট থেকে করিমগঞ্জের বালিখলা ঘাটের উদ্দেশ্যে প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা রওনা হয়। যাত্রাপথে প্রতিকূল আবহাওয়ার কারণে হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে কিছুক্ষণ অবস্থান করে নৌকাটি। তারপর পুনরায় যাত্রা শুরু করলে রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ইঞ্জিনচালিত নৌকায় দশ থেকে বারো জনের একটি ডাকাত দল এসে যাত্রীবাহী নৌকাটিতে ডাকাতি করে।
ঘটনার পর মিঠামইন থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। মিঠামইন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।