সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ০৬:৪১ অপরাহ্ণ
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে রবিবার খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রত্যেক শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং পুষ্টিহীনতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে নির্ধারিত সময়ে টিকা প্রদান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এবং প্রয়োজন অনুযায়ী জরুরি টিকাদান কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গড়ে তুলতে হলে শৈশব থেকেই শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “যেমন একটি মজবুত ভবন নির্মাণের জন্য শক্ত ভিত্তি প্রয়োজন, তেমনি একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য সুস্থ, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ শৈশবের কোনো বিকল্প নেই।”

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, কেসিসির সচিব মো. রেজা রশীদ, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আকিব উদ্দিন, স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. আরিফসহ স্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তারা শিশুদের নির্ধারিত বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যাতে শিশুরা সুস্থ, সবল ও রোগমুক্ত হয়ে বেড়ে উঠতে পারে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন