সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় পুলিশের পোশাকে ডাকাতির অভিযোগ, সর্বহারা পরিবার

অনলাইন ডেস্ক ৩০ June ২০২৬ · Tuesday · ০৮:৫৩ অপরাহ্ণ
কুলাউড়ায় পুলিশের পোশাকে ডাকাতির অভিযোগ, সর্বহারা পরিবার

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের পোশাক পরা একদল দুর্বৃত্তের হাতে ডাকাতির শিকার হয়েছেন চিকিৎসার জন্য ঢাকাগামী একটি পরিবারের সদস্যরা। 

অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলংকার, মোবাইল ফোন, চিকিৎসার নথিপত্রসহ মূল্যবান মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি পরে হবিগঞ্জের নিকটবর্তী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার (২৯ জুন) ভোর রাতে তারা সিলেটের বিয়ানীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকা অতিক্রম করার সময় পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি গাড়ি থামানোর সংকেত দেন। তাদের কথামতো গাড়ি থামানোর পর দুর্বৃত্তরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়ির নিয়ন্ত্রণ নেয়।

পরে গাড়িটি নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে আগে থেকে অবস্থান নেওয়া আরও ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দলের কাছে হস্তান্তর করা হয়। সেখানে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ ১০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, স্বর্ণ ও রুপার অলংকার, চিকিৎসার প্রেসক্রিপশন, শিক্ষাসনদ, কাপড়চোপড় এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল লুট করা হয়।

ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের একজন কোনোভাবে বাঁধন খুলে অন্যদের মুক্ত করেন। পরে তারা চা-বাগানের ভেতরের পথ দিয়ে নিরাপদ স্থানে গিয়ে পুলিশের সহায়তা চান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় হবিগঞ্জের নিকটবর্তী এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের পোশাক ব্যবহার করে সংঘটিত এ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহাসড়কে ভুয়া পরিচয়ে অপরাধ দমনে আরও কঠোর নজরদারি ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন