বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফিকুর রহমানের
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন কুলাউড়া উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান। ১৯৮৭ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা এই নিবেদিতপ্রাণ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে উপস্থিত সবার চোখেমুখে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও ভালোবাসার ছাপ।
অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা ফুল দিয়ে সজ্জিত গাড়ি এবং মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শিক্ষক সফিকুর রহমানকে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এই ব্যতিক্রমী আয়োজন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের প্রতি সম্মান ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ছিদ্দিক আলীর সভাপতিত্বে এবং শিক্ষক শাহজাহান আলম ও আমতৈল বিপ্লবী যুব সংঘের সভাপতি রাহাদ রহমান তায়েফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী শিক্ষা অফিসার মাহমুদ হোসাইন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, শিক্ষক জুসিয়ারা খানম, বদরুল ইসলাম, দেবী প্রসাদ ভট্টাচার্য, আব্দুল হান্নান ও সুলেমান হোসেন।
এছাড়াও বক্তব্য দেন ইউপি সদস্য খায়রুল ইসলাম খছরু, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রওফুর রাজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী আবু বক্কর সিদ্দিক, কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রুবেজ আহমেদ রুবেল, কাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মজিদ আবদাল, কাতার কমিউনিটি নেতা সিদ্দিকুর রহমান, আমতৈল বিপ্লবী যুব সংঘের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটন, শিক্ষক সাহেদুর রহমান কিরণ এবং ব্যবসায়ী জুনেদ আহমদ।
বক্তারা বলেন, মো. সফিকুর রহমান শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকতুল্য একজন আদর্শ মানুষ। তাঁর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও বিদ্যালয়ের প্রতি আন্তরিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মো. সফিকুর রহমান বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে ৫৯ বছর পূর্ণ করে শিক্ষকতা জীবন শেষ করছি। বিদায়ের এই মুহূর্তে তোমাদের ভালোবাসা ও সম্মান আমাকে চিরদিনের জন্য ঋণী করে রাখল। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন তোমাদের খোঁজ রাখব। তোমরা মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠো, এটাই আমার প্রত্যাশা।”
অনুষ্ঠানে তাঁর হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষক মো. সফিকুর রহমান কুলাউড়া উপজেলার কাদিরপুর ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা।