কুলাউড়া স্টেশনে চলন্ত ট্রেনে ছিনতাই, স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা ট্রেনে ভানুগাছের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ট্রেনটি কুলাউড়া স্টেশনে পৌঁছানোর পর এক ব্যক্তি হঠাৎ তার গলায় থাকা স্বর্ণের চেইন লকেট টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী আরও জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে তিনি ছিনতাইকারীকে ধরতে পারেননি। ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানিয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
তিনি অনুরোধ করে বলেন, “যদি কেউ চেইনটি বা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে কুলাউড়া রেলস্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া রেলওয়ে পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর ওমর বিশ্বাস জানান বিষয়টি উনি জানেন তবে লিখিতভাবে কোন অভিযোগ করা হয়নি অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে দেখা হবে।