সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পদুয়ার বাজারে কুবির বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ, আহত দুই শিক্ষার্থী

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ০৯:৩৭ অপরাহ্ণ
পদুয়ার বাজারে কুবির বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ, আহত দুই শিক্ষার্থী

বাবলু দেব,কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভাড়ায় পরিচালিত একটি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরিত হয়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ঐ দুই শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। 

সোমবার (৬ জুলাই) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে কান্দিরপাড়ের উদ্দ্যেশে ছেড়ে যায় বিআরটিসির ৩ নম্বর বাসটি। পথে পদুয়ার বাজার ফ্লাইওভারের নিচে পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চাকার উপরস্থ পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আতঙ্কে এবং শব্দের তীব্রতায় বাসের ভেতর থাকা এক ছাত্রী অচেতন হয়ে পড়ে এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পায়ে আঘাত পান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, “অতিরিক্ত গরম এবং ফ্লাইওভারের নির্মাণসামগ্রীর কারণে চাকাটি ব্লাস্ট হতে পারে। বিকট শব্দে এক ছাত্রী অচেতন হলেও এখন সুস্থ আছেন এবং এক শিক্ষার্থীর পায়ে চাকার গরম বাতাস লেগেছে।”

তিনি আরও বলেন, “সুপারভাইজার থেকে তথ্য পেলেও শিক্ষার্থীদের কোনো অভিযোগ পাইনি। শিক্ষার্থীরা আমাদের অভিযোগের খাতায় লিখলে সমস্যাগুলো বুঝতে ও সঠিক তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিতে সুবিধা হয়।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন