হাওরে ডাকাতি প্রতিরোধে ইউএনও'র কঠোর তদারকি, সন্ধ্যার পর নৌযান চলাচল বন্ধ
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন। জেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা বুধবার বিকেলে হাওর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি নৌ পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল জোরদার, সন্দেহভাজন নৌযানের ওপর কড়া নজরদারি এবং অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।
হাওরাঞ্চলে ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার পর সকল ধরনের নৌকা ও ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে এ সময় নৌপথে চলাচল না করার আহ্বান জানানো হয়েছে।
ইউএনও উম্মে মুসলিমা বলেন, হাওরবাসীর জানমাল রক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌ পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে। প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।