বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভুরুঙ্গামারীর ৮ নং বলদিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মিয়া

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০৬:৩৫ অপরাহ্ণ
ভুরুঙ্গামারীর ৮ নং বলদিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মিয়া

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ৮ নং বলদিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোঃ আশরাফুল আলম মিয়া। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সামাজিক ও জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

গণসংযোগকালে মোঃ আশরাফুল আলম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। জনগণ যদি তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে বলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে আন্তরিকভাবে কাজ করবেন।

তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন সরকারি সকল বৈধ সুযোগ-সুবিধা ন্যায্যভাবে পায়, সেটিই হবে তাঁর অন্যতম অঙ্গীকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি, টিসিবি কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি বা বৈষম্য বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, ঝরে পড়া শিক্ষার্থী কমানো এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়নের কাঁচা ও ভাঙাচোরা রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। কৃষকদের উন্নত বীজ, সার, সেচ সুবিধা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর সহযোগিতা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্ভাব্য এই প্রার্থী বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক সভা, উঠান বৈঠক, গণশুনানি, স্কুল-কলেজভিত্তিক প্রচারণা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হবে। সকল ধর্ম-বর্ণ ও মতের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি মানবিক, বৈষম্যহীন, পরিচ্ছন্ন, নিরাপদ, শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত বলদিয়া ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর লক্ষ্য।

মোঃ আশরাফুল আলম মিয়া বলেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে আদর্শিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করবেন। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং একটি স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে জানান।

তিনি বলদিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারলে সততা, ন্যায়নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।

বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাঁর গণসংযোগ ও বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি ইতোমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন