পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ গাজীপুর থেকে উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিন মোড়লের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
তিনি পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রবিবার সকাল ৭ টার দিকে শ্রীপুরের বরমি থেকে মরদেহটি উদ্ধারের খবর পেয়েছেন তিনি।মৃতের স্বজনরা সেখানে গিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজ জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন মোড়ল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন।
একপর্যায়ে নদের তীরে নৌকাটি পাওয়া গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু দুদিন অভিযান চালিয়েও তার খোঁজ পায়নি।
আজ রবিবার সকালে গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।