কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নে বিদ্যালয় যাওয়ার পথে বেহাল দশা
এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা):
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় থেকে ইয়াছিন সরদারের বাড়ি পর্যন্ত সড়কটি বিদ্যালয় গামি শিক্ষক এবং শিক্ষার্থীর সহ জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
জানা গেছে, সড়কটি ২০০৯ সালের পর থেকে কাঁচা ও সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ঝুঁকি ও দুর্ভোগের মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে বাধ্য হয়। এছাড়া তিনটি গ্রামের হাজারো মানুষ দৈনন্দিন প্রয়োজনে এই সড়ক ব্যবহার করেন।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে ভোগান্তি বাড়ছেই।
দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের আশা, বিষয়টি সরকারের নজরে এলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।