বীর বিক্রম মতিউর রহমান জাতীয়তাবাদী রাজনীতি করায় উনার স্মৃতি রক্ষার্থে কোনো উদ্যোগ নেয়া হয়নি
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে মহান স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধা, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মরহুম মতিউর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোর্শেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন মোঃ সাজ্জাদ হোসেন স্বাধীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বীর বিক্রম মতিউর রহমান আমাদের গর্ব ও অহংকার ছিলেন, আমৃত্যু তিনি কিশোরগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। শুধুমাত্র জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে, উনার স্মৃতি রক্ষার্থে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।আশা করছি, আগামী মৃত্যুবার্ষিকীর পৃর্বেই মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও বীর বিক্রমের স্মৃতি রক্ষার্থে প্রস্তাবিত দাবিগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।
মরহুমের স্মৃতিচারণ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম,সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া এবং নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক আবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু ও সাংগঠনিক সম্পাদক শামিম আল মামুন।
অনুষ্ঠানে আরও অংশ নেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইশতিয়াক আহমেদ, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফি উদ্দীন,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোঃ কামরুল হাসান, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিয়া হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হৃদয় হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সৈকত কবীর নাদিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান সবুজ এবং উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠানে মরহুম মতিউর রহমান বীর বিক্রমের সুযোগ্য সন্তান মোঃ মাকশুকুর রহমান জোশেফসহ এলাকার অসংখ্য গুণগ্রাহী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একাত্তরের রণাঙ্গনের এই বীর যোদ্ধার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।